ঘন কুয়াশায় ৫০ কি.মি এর ওপর গতি নয়

ঘন কুয়াশায় ৫০ কি.মি এর ওপর গতি নয়ঘন কুয়াশার কারণে দেশের সড়ক ও মহাসড়কগুলোতে একের পর এক দুর্ঘটনায় জীবন ও সম্পদহানি বেড়েই চলেছে। সেজন্য কুয়াশার সময় যানবাহনের গতি সীমিত করতে এর সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে কুয়াশার মধ্যে মহাসড়কে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার এ সংক্রান্ত সরকারি একটি কমিটি গাড়িচালকদের জন্য এই গতিসীমা নির্ধারণ করে দেয়। সচিবালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটিতে সড়ক দুর্ঘটনা এড়াতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি যানবাহনে যৌন হয়রানির ঘটনা প্রতিরোধে বিআরটিএ চেয়ারম্যানকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটিও গঠন করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ঘন কুয়াশার মহাসড়ক-সড়কে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ৪০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়া যদি কুয়াশা বেশি ঘন হয়ে সেক্ষেত্রে প্রয়োজনে মহাসড়কে যান চলাচল বন্ধ রাখতেও বলা হয়। বৈঠকে এই সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে কুয়াশার কারণে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতার বিষয়ে আলোচনার পাশাপাশি দুর্ঘটনা রোধে স্থায়ী ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া যানবাহনে যৌন হয়রানির ঘটনা প্রতিরোধে বিআরটিএ চেয়ারম্যানকে সভাপতি করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত শনিবার সকালে ঘন কুয়াশার মধ্যে বঙ্গবন্ধু সেতুতে ধারাবাহিক দুর্ঘটনায় পুলিশ , সাংবাদিকসহ কমপক্ষে ৯ জন নিহত ও কমপক্ষে ৪৫ আহত হন। এ ঘটনায় ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলেও নিহত হন।

/ইউআই/এসএম/