সরিয়ে নেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ মহিউদ্দিনের ‘বিকৃত ভাস্কর্য’

সমালোচনার মুখে অবশেষে উদ্বোধনের দুই দিন পর সরিয়ে নেওয়া হয়েছে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের আবক্ষ ভাস্কর্যটি। উদ্বোধনের পরপরই ভাস্কর্যে মহিউদ্দিনের সঠিক চেহারা ফুটিয়ে তুলতে না পারার অভিযোগ উঠে।

বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনে প্রকাশিত নির্মাণশৈলীতে ভিন্নতা আনতে ভাস্কর্যে বিকৃতি শিরোনামে প্রকাশিত সংবাদের পর ভাস্কর্যটি সরিয়ে নেওয়া হয়।

সোমবার (৩ আগস্ট) চাপাইনবাবগঞ্জের আম্রকাননে ঘেরা সার্কিট হাউস সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কের পূর্ব দিকে তার একটি ভাস্কর্য ও স্মৃতি ফলক উন্মোচন করা হয়। কিন্তু উদ্বোধনের পর ভাস্কর্য দেখে উপস্থিত অতিথি, এলাকাবাসী, সহমুক্তিযোদ্ধারা বিস্ময় প্রকাশ করেন। তাদের ভাষায়, ‘এ কোন মহিউদ্দিন? আমরা যাকে চিনতাম তার সঙ্গে এই ছবির বয়স, অবয়বে মিল নেই।’সেই ‘বিকৃত ভাস্কর্য’ এবং বীরশ্রেষ্ঠ মহীউদ্দীনের ছবি

বিষয়টি নজরে এসেছে উল্লেখ করে বুধবার জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বাংলা ট্রিবিউনকে বলেন, কাজটি দেখে আমার মনে হয়েছিল বয়স্ক ছাপ এসে গেছে। উনিতো তরুণ ছিলেন। কাজটা ঠিক ফুটায়ে তুলতে পারেনি। ২২/২৩ বছরের যুবকের চেহারা যেমন হয় তেমন হয়নি। আরেকটু সুন্দরভাবে করা যায় কিনা বা ছোটবেলায় বইয়ের মতো চেহারা ভাস্কর্যে আনা যায় কিনা সেই উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়তে পারেন: 

নির্মাণশৈলীতে ভিন্নতা আনতে 'ভাস্কর্যে বিকৃতি'