জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে র‌্যাবের খাবার বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে র‌্যাব। বাহিনীর মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এই খাবার সামগ্রী বিতরণ করেন।

শুক্রবার (১৩ আগস্ট) রাজধানী উত্তরার জামিয়া ইসলামিয়া রানাভোলা এতিমখানা মাদ্রাসায় চার শতাধিক দুস্থ ও এতিমের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। এছাড়া, সারাদেশে র‌্যাবের সব ব্যাটালিয়নের তত্ত্বাবধানে চার হাজারের বেশি অসহায়, দুস্থ, এতিম ও হতদরিদ্রের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

এ সময় র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ৩২ নম্বরের নিজ বাসায় ঘাতকের নির্মম বুলেটের আঘাতে সপরিবারে শহীদ হন। জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে র‌্যাব সদর দফতরের উদ্যোগে  পবিত্র কোরআন খতম, বিশেষ দোয়া ও মোনাজাত, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনীসহ বেশকিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে।’

তিনি জানান, শুক্রবার জুমার নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং নিহত অন্যান্য শহীদদের আত্মার মাগফিরাত কামনায় র‌্যাব সদর দফতরের কেন্দ্রীয় জামে মসজিদসহ র‌্যাবের সকল মসজিদে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়।