‘জাতীয় শোক দিবস ২০২১’ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিনটি আলাদা ডিজাইনের মুদ্রিত পোস্টার প্রকাশ করা হয়েছে।
শনিবার (১৪ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির পক্ষ থেকে এই পোস্টার প্রকাশ করা হয়।
জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশে প্রকাশিত পোস্টার তিনটির শিরোনাম করা হয়েছে: ‘শোক থেকে শক্তি শোক থেকে জাগরণ’, ‘IN YOUR INFINITE VALOUR, MUJIB MILLIONS OF SOUL STAY FOREVER ALERT’ এবং ‘এই ইতিহাস ভুলে যাবো আজ, আমি কি তেমন সন্তান? যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান’।
পোস্টারগুলো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদফতরের মাধ্যমে সারাদেশে বিতরণ ও স্থাপন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে পাঠানো হয়েছে।
‘জাতীয় শোক দিবস ২০২১’ ও ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসাবে প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় পোস্টারগুলো ব্যাপকভাবে প্রচারের জন্য বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।