হাজতখানার সামনে পড়ে গেলেন পরীমণি

রাজধানীর বনানী থানায় দায়ের হওয়া মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণির ফের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুনানি শেষে পরীমণিকে কড়া নিরাপত্তায় এজলাস থেকে আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। এসময় হঠাৎ আদালতের হাজতখানার গেটের সামনে পরীমণি পড়ে যায়। এরপর তড়িঘড়ি করে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে পরীমণির রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি হয়। এরপর উভয়পক্ষের শুনানি শেষে আদালত পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকাল ৮টা ২৫ মিনিটে পরীমণিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

রিমান্ড ও জামিন শুনানির জন্য পরীমণিকে বেলা ১১টা ৩০ মিনিটে আদালতের এজলাসে উঠানো হয়। এজলাসে উঠানোর পরেই পরীমণিকে দেখার জন্য আইনজীবীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। এসময় বিচারক আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘যারা পরীমণিকে দেখতে আদালতের এজলাসে প্রবেশ করেছেন, দয়া করে দেখে চলে যান। আমাদেরকে ভালোভাবে শুনানি করার সুযোগ দিন।’ 

এরপর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু বিচারককে উদ্দেশ্য করে বলেন, ‘আগে অন্য মামলার শুনানি শেষ করা হোক। তারপর নাহয় পরীমণির রিমান্ড ও জামিনের বিষয়ে শুনানি শুরু করা যাক।’

এদিন পরীমণি আদালতে আসার পর থেকেই খুব নীরব এবং স্থির ছিলেন। তাকে মাঝেমধ্যে হাত দিয়ে বার বার চোখ মুছতে দেখা যায়। হঠাৎ করেই এজলাসের মধ্যে দেখা হয় নানা শামসুল হক গাজীর সঙ্গে। এরপর পরীমণি তার নানার সঙ্গে ৫ মিনিটের মতো কথা বলার সময় পান। এসময় দুজনই আবেগাপ্লুত হয়ে পড়েন।

এরপর পুরো শুনানি চলাকালে পরীমণিকে খুব ভীত অবস্থায় দেখা যায়। অনেক সময় আদালতের কাঠগড়ায় সঙ্গে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে তাকে দেখা গেছে। 

এর আগে গত ১৬ আগস্ট বনানী থানায় মাদকদ্রব্য আইনে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তৃতীয় দফায় পরীমণির ৫ দিনের রিমান্ডের আবেদন করেন।

পরে আজ বৃহস্পতিবার পরীমণির উপস্থিতিতে এ রিমান্ড শুনানি শুরু হয়। এদিকে আসামিপক্ষের আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ আরও অনেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।