এ বছর সাংবাদিকতার সাতটি ক্ষেত্রে বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক দেওয়া হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) তথ্য ভবন অডিটোরিয়ামে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’ শীর্ষক সেমিনারে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজীবন সম্মাননা পেয়েছেন প্রয়াত সাংবাদিক হাসান শাহরিয়ার। প্রাতিষ্ঠানিক সম্মাননা পেয়েছেন দৈনিক জনকণ্ঠের সাবেক সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকুল্লাহ খান মাসুদ।
আঞ্চলিক প্রাতিষ্ঠানিক সম্মাননা দেওয়া হয় চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বকোণ পত্রিকাকে। গ্রামীণ সাংবাদিকতায় পদক পেয়েছেন সিনিয়র সাংবাদিক নিজামুল হক। উন্নয়ন সাংবাদিকতায় পদক পান নিউজ টুডের সিনিয়র সাংবাদিক মাজহারুল ইসলাম মিচেল। নারী সাংবাদিকতায় পুরস্কার পান বনানী মল্লিক এবং ফটো সাংবাদিকতায় পদক পেয়েছেন বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন। পদকপ্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. মকবুল ইসলাম। ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক সেমিনার ও বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক’ প্রদানের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্যানেল চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান।
সেমিনারে প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ইশতিয়াক রেজা।
অনুষ্ঠানে আরও ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জুরিবোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী।