সরকারের পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে বর্ধিত বেতন, ভর্তি ফি ও অন্যান্য ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ নির্দেশ প্রদান করা হয়। এ বিষয়ে সরকার শীঘ্রই প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বলেও ওই অফিস আদেশে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয়ের অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা-২০০৯-এর ৪১-(২)(খ)-(২) নং বিধি অনুযায়ী সরকারের নির্দেশনা সাপেক্ষে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ক্ষেত্রমতে ম্যানেজিং কমিটি শিক্ষার্থীগণের নিকট হতে আদায়যোগ্য বেতন ও ফিয়ের হার নির্ধারণ করবে। তাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের বর্ধিত ফি বন্ধ করতে হবে।’
/এসআইএস/টিএন/