পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, “শিশুদের মতামত নিয়েই অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছে যেখানে শিশু নির্যাতন, শিশু শ্রম, বাল্যবিবাহ বন্ধের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিশু সংক্রান্ত পরিকল্পনায় শিশুদের অংশগ্রহণ বিষয়ে সরকারের দৃষ্টি রয়েছে। ভবিষ্যতেও দৃষ্টি থাকবে।”
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ৪০ জন শিশুর ভার্চুয়াল ও সরাসরি অংশগ্রহণে অনুষ্ঠিত শিশু সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাইল্ড পার্লামেন্টের স্পিকার মারিয়াম আক্তার জিম।
‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’ ‑ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে সরকারের নানা উদ্যোগের প্রশংসার পাশাপাশি শিশুদের মতামতের গুরুত্ব দিয়ে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় শিশুদের জন্য বরাদ্দ বাড়ানো, বাজেট প্রক্রিয়ায় শিশুর অংশগ্রহণ ও বাল্যবিয়ে প্রতিরোধে ব্যবস্থা গ্রহণের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়কে ধন্যবাদ জানায় শিশুরা।
অনুষ্ঠানে সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ও শিশু সংক্রান্ত পরিকল্পনায় শিশুদের নিয়মতান্ত্রিক অংশগ্রহণের দাবিসহ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের চাইল্ড রাইটস্ গভর্নেন্স অ্যান্ড চাইল্ড প্রটেকশন সেক্টরের পরিচালক আবদুল্লা আল মামুন।
সংলাপে আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন জেলার ন্যাশনাল চিলড্রেন’স টাস্কর্ফোস (এনসিটিএফ) সদস্য, সিএফএলজি ও শিশু ফোরামসহ বিভিন্ন শিশু সংগঠনের শিশুরা। এছাড়া সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শিশু অধিকার সপ্তাহ ৪ অক্টোবর শুরু হয়েছে এবং ১০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।