নকলনবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে মুক্তিযুদ্ধ মঞ্চের ৬ দফা

রেজিস্ট্রি অফিসে অস্থায়ীভাবে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মসহ দেশের সব নকলনবিশদের চাকরি জাতীয়করণের দাবিতে ছয় দফা দাবি পেশ করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

রবিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সংগঠনটি। সমাবেশে সংগঠনটি ছয় দফা দাবি পেশ করে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে আইন মন্ত্রণালয়ের অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগে তাদের  আটকে দেয় পুলিশ। পরে সংগঠনের দুই সদস্যের প্রতিনিধি দলকে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিয়ে যায় পুলিশ। প্রতিনিধি দলে ছিলেন— সংগঠনের সহ-সভাপতি রোমান হোসাইন ও বাংলাদেশ নকলনবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম।

দেশের নকলনবীশদের পক্ষে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের  ৬ দফা দাবি হচ্ছে—

১. বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মসহ দেশের সকল নকলনবিশদের চাকরি দ্রুত জাতীয়করণ করতে হবে।

২. রেজিস্ট্রি অফিসে জনগণের হয়রানি বন্ধে একটি মনিটরিং সেল গঠন করতে হবে।

৩. নকলনবিশদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে এনলিস্টেড তালিকা অনুসরণ করতে হবে এবং জাতীয়করণের আগে কোনও নিয়োগ প্রদান করা যাবে না।

৪. প্রেষণে বদলিকৃত ২ বছরের বেশি সময় কর্মরত নকলনবিশদের প্রেষণ বাতিল করতে হবে।

৫. নকলনবিশদের ঐক্য ধ্বংসের সকল ষড়যন্ত্র বন্ধ করার জন্য তাদের দাবি আদায়ের একমাত্র নিবন্ধিত সংগঠন যার রেজিস্ট্রেশন নম্বর বি-১৭৪৬, সভাপতি রফিকুল ইসলাম ছাড়া একই রেজিস্ট্রেশন নম্বরে দাবি করা সকল অবৈধ ও ভুয়া সংগঠনের কার্যক্রম স্থগিত এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৬. রেজিস্ট্রি অফিসে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের সঙ্গে জড়িত কর্মকর্তা ও কর্মচারীদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় ও  আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ নকলনবিশ অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম।