ট্রেনের ধাক্কায় জাবি’র কর্মকর্তা নিহত

রাজধানীর খিলগাঁও রেল গেট এলাকায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার আশরাফুল আলম বাচ্চু (৪৫)  নিহত হয়েছেন।

শনিবার (৬ নভেম্বর) দিবাগত রাতে  তিনি এই দুর্ঘটনার শিকার হন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে রাত দুইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রবিবার (৭ নভেম্বর) ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আশরাফ সত্যতা নিশ্চিত করেন।

জামালপুর সদর উপজেলার ছোট গুজিয়াপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের  ছেলে আশরাফুল। বর্তমানে তিনি মিরপুরের শেওড়াপাড়ায়  থাকতেন।

নিহত আশরাফুল আলম বাচ্চুর খালু রেজাউল মাসুম বলেন, ‘আশরাফুল তার স্ত্রী ও তিন কন্যাকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিল। সেখানে তাদেরকে রেখে স্ত্রীর বড় বোনের মেয়েকে (ভাগনি) নিয়ে ঢাকায় আমার খিলগাঁওয়ের বাসায় আসছিল। আগামী ১০ নভেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে  ভাগনির পরীক্ষা রয়েছে।’

তিনি বলেন,  ‘খিলগাঁও রেলগেট এলাকায় ধীরগতি থাকা অবস্থায় ট্রেন থেকে দু’জনেই নেমে রেল লাইন দিয়ে যাচ্ছিল। সামনে ছিল আশরাফুল, আর পেছনে ভাগনি। লাইন পর হওয়ার সময়ে পাশের লাইন দিয়ে যাওয়া আরেকটি চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে আশরাফুল গুরুতর আহত হয়। পরে সেখান থেকে হাসপাতালে নেওয়া হয়।’