মুক্তিযুদ্ধে ভারতীয় নৌবাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ নৌ-কমান্ডো অভিযানে নিজেদের অভিজ্ঞতা নিয়ে লেখা ‘অপারেশন এক্স’ গ্রন্থের ওপর আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) ঢাকাস্থ ভারতীয় হাই-কমিশনে এ আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভারতীয় নৌ-বাহিনী ও মুক্তিবাহিনীর যৌথ নৌ-কমান্ডো সদস্যরা নিজেদের অভিজ্ঞতা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এসময়। তারা বলেন, এই গ্রন্থটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম প্রামাণ্য দলিল।
বইটি ভারতের ক্যাপ্টেন এমএনআর সামন্ত ও সন্দীপ উন্নিথানের লেখা। অনুষ্ঠানে বইয়ের একটি করে অংশ পাঠ করে শোনান সহ-লেখক সন্দীপ উন্নিথান ও সাংবাদিক সালিম সামাদ। উপস্থিত ছিলেন ভারত থেকে আসা কমডোর ভিকে রাইজাদা, লেফটেন্যান্ট সুভাষ কুমার মিত্র, পেটি অফিসার শিমান সিং। বাংলাদেশ থেকে অনুষ্ঠানে অংশ নেন কমডোর এ ডাব্লিউ চৌধুরী, লেফটেন্যান্ট কমডোর জালাল উদ্দীন, কমান্ডো হুমায়ুন কবির ও কমান্ডো শাহাদাৎ হোসেন।