অতিরিক্ত ভাড়া আদায় এবং সিটিং সার্ভিসের নামে অবৈধ স্টিকার লাগানোর অপরাধে রাজধানী ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে ২৪৭টি বাসকে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অভিযানে এসব জরিমানা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, ২৪৭টি গণপরিবহনের মধ্যে ১৯৮টি ডিজেল ও ৪৯টি সিএনজিচালিত বাস ও মিনিবাসে অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে ২টি বাসকে সিটিং সার্ভিসের অবৈধ স্টিকার লাগানোর অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। ঢাকা ও চট্টগ্রামে বিআরটিএ’র ১০টি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা তদারকি করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। এ সময় তিনি যাত্রীদের অভিযোগ শুনেন ও সমস্যা সমাধান করেন। এসময় তার সঙ্গে ছিলেন পরিচালক (এনফোর্সমেন্ট) সরওয়ার আলম, উপপরিচালক (এনফোর্সমেন্ট) হেমায়েত উদ্দিনসহ বাস-মিনিবাস মালিক সমিতির নেতারা।