পুরুষদের প্রতি ‘আইনি ও সামাজিক বৈষম্য’ করা হচ্ছে দাবি করে ‘পুরুষ নির্যাতন দমন আইন’ গঠনের দাবি জানিয়েছে পুরুষভিত্তিক কয়েকটি সংগঠন। শুক্রবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সংগঠনগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ জার্মান হেল্প ফর ম্যান, জাতীয় পুরুষ সংস্থা, এইড ফর ম্যান ফাউন্ডেশন এবং বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন।
মানববন্ধনে ‘বাংলাদেশ জার্মান হেল্প ফর ম্যান’-এর চেয়ারম্যান, প্রকৌশলী মাজহারুল মান্নান মিয়া বলেন, ‘পুরুষের নীরবে কান্না কেউ শোনে না। পুরুষ নির্যাতন দমন আইন এখন সময়ের দাবি। পুরুষ নির্যাতন আইন না হলে আগামী প্রজন্মের পুরুষরা মানসিকভাবে বিকারগ্রস্থ হবেন। বিশেষ করে যেসব পুরুষ প্রবাসে আছেন তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ।’
পুরুষ নির্যাতন বন্ধে ‘জাতীয় পুরুষ সংস্থা’ ১০ দফা দাবি পেশ করে। দাবি গুলোর মধ্যে রয়েছে, ‘মহিলা ও শিশু মন্ত্রণালয়কে সংশোধন করে পুরুষ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় করতে হবে’, ‘মিথ্যা মামলা প্রমাণ হওয়ার পর রাষ্ট্র ভিকটিমকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দিতে হবে’, ‘সকল পুরুষের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে’ এবং ‘নারী নির্যাতন আইন সংশোধন করে যুগপোযোগী করতে হবে।’
‘এইড ফর ম্যান ফাউন্ডেশনের’ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম তার বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে পুরুষের প্রতি ঘটে যাওয়া আইনি ও সামাজিক বৈষম্যের তুলে ধরেন এবং পুরুষের অধিকার রক্ষায় আইন দাবি করেন।
মানববন্ধনে এইড ফর ম্যান ফাউন্ডেশনের সভাপতি ড. আব্দুর রাজ্জাক খান, জাতীয় পুরুষ সংস্থার সভাপতি জসিম উদ্দিন রাজাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।