ধোলাইরপাড় পুকুর ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা

ধোলাইরপাড় পুকুর ভরাটের কার্যক্রম ও  ওই স্থানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) প্রকল্প নির্মাণের ওপর ৩ মাসের নিষেধাজ্ঞাদেশ জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ডিএসসিসির এই নির্মাণ প্রকল্প কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (২২ নভেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। 

আদালতে রিটকারী সংগঠন বেলা’র পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোহাম্মদ আশরাফ আলী। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী।

হাইকোর্ট ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডের ধোলাইরপাড় এলাকায় অবস্থিত প্রায় ৪ একর আয়তনের পুকুরটি বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ প্রকল্প বাস্তবায়নের জন্য ২, ৯ ও ১০ নম্বর বিবাদী (ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, প্রধান নির্বাহী কর্মকর্তা,৫১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর) কর্তৃক মাটি ভরাট থেকে রক্ষা, পুনরুদ্ধার এবং সংরক্ষণে বিবাদীদের ব্যর্থতাকে সংবিধানবিরোধী ও প্রয়োগযোগ্য আইনবহির্ভূত হওয়ায় কেন বেআইনি, আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং জনস্বার্থবিরোধী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। একইসঙ্গে পুকুরটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা, সংরক্ষণ করা ও রক্ষণাবেক্ষণ করার নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়ে বিবদীদের ওপর রুল জারি করেছেন আদালত।

প্রসঙ্গত, ঢাকা দক্ষিণ সিটি করোরেশনের শ্যামপুর পুলিশ স্টেশনের অন্তর্ভুক্ত ৫১ নম্বর ওয়ার্ডের একটি জনবসতিপূর্ণ আবাসিক এলাকা ধোলাইরপাড় এলাকার জুরাইন মৌজার আরএস ৮১ নম্বর এবং সিটি জরিপের ৬২৭ নম্বর দাগে বিদ্যমান প্রায় ৪ একর আয়তনের পুকুর ভরাট করে। সম্প্রতি সেখানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করছে।

ইতোমধ্যে পুকুরটির এক-তৃতীয়াংশ ভরাট করা হয়েছে। এই এলাকায় প্রায় ৩০ হাজার লোক বসবাস করে। এ আবাসিক এলাকাটি বৃহত্তর ডেমরা থানার অংশ বিশেষ। এখানে রয়েছে স্কুল, কলেজ, মসজিদ ও মাদ্রাসা। শ্যামপুর ৫১ নম্বর ওয়ার্ডে বসবাসকারী বাসিন্দাদের পানি নিষ্কাশনে ও অগ্নি নির্বাপণে দীর্ঘ সময় ধরে অবদান রেখে আসছে ওই পুকুরটি।

এমতাবস্থায় পুকুরটি ভরাট করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) প্রকল্প নির্মাণের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করে পরিবেশবাদী আইনজীবীদের সংগঠন বেলা।

ওই রিটে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ ১০ জনকে বিবাদী করা হয়।