সরকারি সফরে স্ত্রীসহ যুক্তরাষ্ট্র গেলেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান। স্ত্রী ও তিন জন সফরসঙ্গীসহ যুক্তরাষ্ট্র সরকারের আমন্ত্রণে সোমবার (২২ নভেম্বর) ৯ দিনের সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।
আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান পেন্টাগনে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী প্রধান জেনারেল চার্লস কিউ ব্রাউজ জুনিয়র, ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি (ডিএসসিএ)-এর ভারপ্রাপ্ত পরিচালক জেদিদিয়াহ পি রয়্যাল, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতিরক্ষা বিষয়ক উপ-সহকারী সচিব জেনারেল ব্রোয়েন ও লিন্ডসে ডব্লিউ ফোর্ড এবং ডিপার্টমেন্ট অব স্টেট-এর পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স/রিজিওনাল সিকিউরিটি অব আর্মস ট্রান্সফারস-এর প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপক্ষীয় বিষয়ে মতবিনিময় করবেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বিমান বাহিনী প্রধান এফ-১৬, এফ-১৮ ও সি-১৩০ উড়োজাহাজের প্রোডাকশন ফ্যাসিলিটিজসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন।