পূর্ণাঙ্গ তালিকা চায় শহীদ বুদ্ধিজীবীদের পরিবার

নিশ্চিত পরাজয় জেনে জাতিকে মেধাশূন্য করতে একাত্তরের ১৩ ডিসেম্বর রাতে জাতির মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই শহীদ বুদ্ধিজীবীদের অবদানের স্বীকৃতির দাবি জানিয়েছেন তাদের পরিবার। আর এজন্য শিগগিরই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন তারা।

শহীদ বুদ্ধিজীবী মুকসদ আলীর মেয়ে তাহমিনা মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে ফুলেল শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে আবেগাপ্লুত এসময় তাহমিনা কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমরা আমাদের বাবাদের হারিয়েছি। পরবর্তী সময়ে মায়েরা জীবন সংগ্রামে নেমেছিলেন, আমরা এমনি এমনি বড় হইনি। চাওয়ার কিছু নেই, আমরা চাই যারা শহীদ হয়েছেন তাদের তালিকা প্রকাশ করা হোক এবং স্বীকৃতি দেওয়া হোক; যা হবে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্মের জন্য লিখে রেখে যাওয়া।

শহীদ বুদ্ধিজীবী মুকসদ আলীর মেয়ে তাহমিনা

তিনি বলেন, ৫০ বছর আগে এদেশে যখন গণহত্যা হয়েছে, পরে এ দেশ স্বাধীন হয়েছে। তখনই আমরা বুঝেছিলাম, আমরা জয়ের পথে আমরা বীরের জাতি, বিজয়ী জাতি। কিন্তু ৫০ বছর পরে এসে আমরা বুঝতে পারছি, আমাদের এখনও কিছু কাজ বাকি আছে। সে কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধে যারা তাদের জীবন উৎসর্গ করেছেন; তাদের চিহ্নিত করা, তালিকা করা। তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা।