রাজধানীর শাহবাগের সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবছর বিজয় দিবসে মানুষের উপস্থিতি প্রমাণ করে, এটি বাঙালির প্রাণের দিবস। তরুণ প্রজন্ম লাল সবুজে সজ্জিত হয়ে ছুটে আসে ঐতিহাসিক এই উদ্যানে। সেই একই উদ্যানে ছুটে বেড়াতে দেখা যায় ছিন্নমূল শিশুদেরও। তরুণ প্রজন্মের আনন্দের মেলায় তারাও শরিক হয়।
বৃহস্পতিবার বিকালে উদ্যানে ছুটে বেড়াচ্ছিল আনুমানিক ৭ বছর বয়সী জান্নাত ও তার বান্ধবী জাহানা। লাজুক জান্নাত লাল-সবুজের জামা পড়ে থাকলেও তার জানা নেই আজকের দিনটা কী? মায়ের বানিয়ে দেওয়া নতুন জামা পরে ঘুরে বেড়ানোটাই যেন তার কাছে আনন্দের।
সোহরাওয়ার্দী উদ্যানে আগত দর্শনার্থীদের রিং খেলার বল বিক্রি করছিল বিলাস নামে ১২ বছর বয়সী আরেক ছিন্নমূল শিশু। সে জানায়, আজ ১৬ ডিসেম্বর। এই দিনে যুদ্ধ হয়েছিল। এর বেশি সে আর কিছু জানে না।
সুমন নামে আরেক ছিন্নমূল শিশুর সঙ্গে কথা বলে দেখা গেলো, আজকের দিন নিয়ে তার কোনও আগ্রহ নেই। সব আগ্রহ তার হাতে থাকা বেলুনটি নিয়ে। বিজয় দিবস সম্পর্কে জানতে চাইলে সরাসরি উত্তর, ‘জানি না’।