দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদে নিয়োগপ্রাপ্তদের স্থগিতাদেশ প্রত্যাহার ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন করেছে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সনদের এমপিওবঞ্চিত ফোরাম। সোমবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন এ দাবি করা হয়।
মানববন্ধনে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সনদের এমপিও বঞ্চিত ফোরামের আহ্বায়ক মোহাম্মদ ছিয়ামুল হক বলেন, ২০১৬ সালের ১৩ এপ্রিল দারুল ইহসান বিশ্ববিদ্যালয় আদালত কর্তৃক বন্ধ ঘোষিত হয়। রায়ে বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ অবৈধ ঘোষিত না হওয়ায় এবং এ বিষয়ে কোনও বাধা নিষেধ না থাকায় শিক্ষা মন্ত্রণালয় ২০১৮ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্তদের এমপিওভুক্তির আদেশ জারি করেন। কিন্তু পরের দিনই আদেশটি স্থগিত করা হয়।
ফোরামের সদস্য এম এ মান্নান বলেন, আমাদের এমপিওভুক্ত করে দিন। আমরা আপনাদের কাছে আর কিছু চাইবো না। আমরা মানবেতর জীবনযাপন করছি। আমাদের বেতনের ব্যবস্থা করে দেন।
মানববন্ধন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দারুল ইহসান বিশ্ববিদ্যালয় সনদের এমপিও বঞ্চিত ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল হামিদ, সদস্য সচিব মো. মনিরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. বাদল মণ্ডল, সদস্য কায়েস উদ্দিন, আব্দুর রশিদ, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।