দেশের জন্য আমরা কী করতে পারছি তা আগে চিন্তা করতে হবে: ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, দেশ আমাদের জন্য কী করছে তা আগে না চিন্তা করে, দেশের জন্য আমরা কী করছি তা চিন্তা করতে হবে। গণকর্মচারী হিসেবে এটাই আমাদের নীতি হওয়া উচিত।

সোমবার (২০ ডিসেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ গ্রহণ উপলক্ষে এক সৌজন্য সভায় ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে ভূমিমন্ত্রী এ কথা বলেন। এই সময় ভূমি সচিব মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ভূমি মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

সাইফুজ্জামান চৌধুরী আরও বলেন, সামনের দুই বছরে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। ফাইভ স্টার রেটিং হলে, আমাদের ফাইভ স্টারই পেতে চেষ্টা করতে হবে। আর কিছুদিন পরই ২০২২ সাল শুরু হবে। নতুন বছরে আমরা নতুন করে শপথ নেই যে আমরা জাতিকে আরও ভালো কাজ উপহার দেব।

উল্লেখ্য, গত ১৬ জুন জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০ বিজয়ী উদ্যোগের নাম ঘোষণা করে। বাংলাদেশের ভূমি মন্ত্রণালয় ‘স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকারি প্রতিষ্ঠানের বিকাশ’ ক্যাটাগরিতে জাতিসংঘের মর্যাদাপূর্ণ ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড-২০২০অর্জন করে।

গত ১৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মদিনাত জুমেইরাহ সম্মেলন কেন্দ্রে সংযুক্ত আরব আমিরাত এবং জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ কর্তৃক যৌথভাবে আয়োজিত ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন ভূমিমন্ত্রী।