উভয় দেশ পারস্পরিক সুযোগ-সুবিধা ভাগাভাগি করে: বিক্রম দোরাইস্বামী

বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্কের বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ধর্ম যার যার, কিন্তু উৎসব সবার। উভয় দেশ শুধু ইতিহাস-সংস্কৃতিই ভাগাভাগি করে না, ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক সুযোগ-সুবিধাও ভাগাভাগি করে।’ বাংলাদেশকে ভারত সবসময় সমর্থন করেছে এবং করে যাবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) রাজধানীর লালবাগে ঢাকেশ্বরী মন্দিরে অনুষ্ঠিত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি। এতে বক্তব্য দেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জে এল ভৌমিক ও সদস্য সচিব চন্দ্রনাথ পোদ্দার।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ হবে। এ দেশ সবার। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ থাকবে। কোনও শক্তি বাংলাদেশকে এ জায়গা থেকে সরাতে পারবে না। সবাই এখানে বাংলাদেশি এবং আমরা সবাই বাঙালি। বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশ বঙ্গবন্ধুর দেশে। এখানে কোনও উসকানি দিয়ে লাভ হবে না।’

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের জায়গা দিন দিন আরও দৃঢ় হবে। তবে এখনও দুই দেশের মধ্যে অমীমাংসিত কিছু সমস্যা রয়ে গেছে।’