রাজধানীর কাওরান বাজারে এক মাছ ব্যবসায়ীর কাছে ১০০ টাকা চায় এক যুবক। কিছু সময় পর বেশ কয়েকজন তাকে ঘিরে ধরে। এরপর ওই ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ৪২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ছুরিকাঘাতে আহত মাছ ব্যবসায়ী বিল্লাল হোসেন (৩৫) এ অভিযোগ করেন।
শুক্রবার (৩১ ডিসেম্বর) ভোর ৪টায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিল্লাল হোসেনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নিয়ে আসা বিল্লালের স্ত্রী ফাতেমা বেগম জানান, ভোরে তেজকুনিপাড়ার ভাড়া বাসা থেকে রেললাইন দিয়ে হেঁটে কাওরান বাজারে মাছ কিনতে যাচ্ছিল বিল্লাল। পেছন থেকে স্বপন নামে এক যুবক বিল্লালকে ডেকে বলে ‘মামা ১০০ টাকা দাও’। তখন বিল্লাল দ্রুত হাঁটতে থাকে। পরে স্বপনসহ ৭ জন তাকে ঘিরে ফেলে। তার পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং তার কাছে থাকা ৪২ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত মাছ ব্যবসায়ী বর্তমানে ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন।