ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হতদরিদ্রদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার (২ জানুয়ারি) আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে স্থানীয় ৪০০ জন হতদরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। এছাড়া কুমিল্লা সেনানিবাস পরিচালিত ৩৫ ফিল্ড অ্যাম্বুলেন্স বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প কার্যক্রম পরিদর্শন করেন তিনি। কুমিল্লা সেনানিবাসের বিশেষজ্ঞ দল দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে প্রায় এক হাজার অসহায় মানুষকে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করে।

শাহবাজপুরে সেনাপ্রধানকে অভ্যর্থনা জানান ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুন।

এর আগে রবিবার সকালে ১৭ পদাতিক ডিভিশন ও সিলেট অঞ্চল পরিদর্শনকালে হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের শিবপাশা এলাকায় হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল হামিদুল হক, সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।