দাবিকৃত বিল দিতে না পারায়, ছয় মাস বয়সী দুই যমজ শিশুকে এনআইসিইউ থেকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দুই শিশুর নাম আব্দুল্লাহ ও আহামেদ। এনআইসিইউ থেকে বের করে দেওয়ার দুই ঘণ্টার মধ্যে আহামেদ মারা যায়। আরেক শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকালে (৬ জানুয়ারি) রাজধানীর শ্যামলীস্থ মিরপুর রোডে এলাকার ‘আমার বাংলাদেশ হসপিটাল’ নামে একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।
শিশু দুটির মা আয়েশা বেগম জানান, ঠান্ডাজনিত কারণে ৩১ ডিসেম্বর তাদের সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে এনআইসিইউতে সিট পাচ্ছিলাম না। পরে এক অ্যাম্বুলেন্স চালকের পরামর্শে শিশুদের পাশেই একটি হাসপাতালে ভর্তি করান।
হাসপাতাল কর্তৃপক্ষ ৬ দিন দেখিয়ে তাদের কাছ থেকে ১ লাখ ২৬ হাজার টাকা দাবি করে। এরইমধ্যে ৫০ হাজার টাকা দিলেও কর্তৃপক্ষ মানছিল না। আয়েশা বলেন, তাদের হাতে-পা ধরি কিন্তু লাভ হয়নি। বৃহস্পতিবার বিকালে তারা শিশুদের বের করে দেয়। সেখান থেকে ঢামেকে আনার আগেই এক শিশুর মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বিষয়টি জানতে পেরে জিজ্ঞাসাবাদের জন্য শাহিন নামে একজনকে আটক করা হয়েছে। অপর শিশুটিকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।