রাজধানীতে পৃথক ঘটনায় তিন জন অজ্ঞান পার্টির খপ্পরে

রাজধানীর গুলিস্তান, পোস্তগোলা ও মতিঝিলে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে চিকিৎসা নিতে তিন জন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) তারা হাসপাতালে ভর্তি হন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অচেতন ওই তিন ব্যক্তিকে ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা হচ্ছেন গুলিস্তানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়া মো. সোহাগ (৩৪), পোস্তগোলায় শাহনেওয়াজ (৫৫) এবং মতিঝিলে মো. আশিকুর রহমান (৫৫)।

গুলিস্তান থেকে উদ্ধার হওয়া সোহাগের ভাই সোহান জানিয়েছেন, সোহাগ কাওরানবাজারে একটি হার্ডওয়্যারের দোকানে চাকরি করেন। মিরপুর ও বনানী এলাকা থেকে টাকা কালেকশন করে ফেরার পথে গুলিস্তানের ফুলবাড়িয়ায় বাসে অচেতন হয়ে পড়েন।

সেখান থেকে শাহবাগ থানার উপপরিদর্শক এসআই মমিন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার কাছে ৪৪ হাজার টাকা ছিল। ওই টাকা আর পাওয়া যায়নি।

অচেতন থাকা শাহনেওয়াজের জামাতা মো. রানা জানান, তার শ্বশুর ফকিরাপুলের একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন। উত্তর বাড্ডায় তার বাসা। তিনি অফিসের কাজে রাইদা পরিবহনে যাচ্ছিলেন পোস্তগোলা এলাকায়। ওই গাড়িতে তিনি চকলেট খেয়েছিলেন, পরে অচেতন হয়ে পরেন। তার ১০ হাজার টাকা হারিয়েছে। পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, আশিকুর রহমানের ছেলে অদিব জানিয়েছেন, তার বাবা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের সিনিয়র টেকনোলজিস্ট। অফিস শেষে  মতিঝিল থেকে ঢাকা পরিবহন বাসযোগে মিরপুরে বাসায় যাওয়ার সময় বাসে হালুয়া খেয়েছিলেন। পরে বাসেই অচেতন হয়ে পড়ে থাকলে তার কাছে থাকা মোবাইল ফোনে পরিবারের সদস্যদের খবর দিলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার কাছে থাকা ৩০ হাজার টাকা হারিয়েছে।