রাজধানীর গুলিস্তানে বাসচাপায় দুই জন নিহতের ঘটনায় মেঘনা পরিবহনের চালক রাকিবকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৮ জানুয়ারি) রাজধানীর ওয়ারী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আ ন ম ইমরান হোসাইন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
র্যাব কর্মকর্তা বলেন, ‘মেঘলা পরিবহনের চালককে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এ ধরনের ঘটনা ঘটেছে, তার কাছ থেকে তা জানার চেষ্টা চলছে। পরে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব হবে।’
এদিকে, ওয়ারী থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন দুর্ঘটনায় নিহত শেখ ফরিদের ছোট ভাই শাকিল। মামলা নম্বর ৭। ওয়ারী থানার ডিউটি অফিসার সাজ্জাদ হোসেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
শনিবার সকালে রাজধানীর গুলিস্তান টোলবক্সের সামনে মেঘলা পরিবহনের দ্রুতগতির একটি বাস দুজনকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তারা মারা যান। এছাড়া ছয় জনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।