দেশে তামাকের ব্যবহার কমাতে মোবাইল কোর্টের সংখ্যা বাড়ানো ও সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীবিহীন তামাকপণ্য ধ্বংস করাসহ এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার সুপারিশ জানিয়েছে তামাক বিরোধী সংগঠনগুলো।
রবিবার (৯ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘তামাক দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়ন: বর্তমান অবস্থা গবেষণা ফল প্রকাশ’ শীর্ষক এক অনুষ্ঠানে এই দাবি জানানো হয়। টোব্যাকো কন্ট্রোল অ্যান্ড রিসার্চ সেল, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বাংলাদেশ তামাক বিরোধী জোট যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।
তামাক ব্যবহার রোধে সংগঠনগুলো থেকে আরও সুপারিশ করা হয়—তামাকপণ্যের মোড়কের ৯০ শতাংশজুড়ে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী রাখতে হবে; আপিল বিভাগের রায় অনুযায়ী তামাকজাত দ্রব্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী মোড়কের ওপরের দিকে মুদ্রণ করতে হবে; খুচরা শলাকা ও পানের সঙ্গে জর্দা বিক্রি বন্ধসহ খোলা তামাক ও সাদা পাতাকে মোড়কের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে; তামাক পণ্যের মোড়কে উৎপাদনকারী কোম্পানির নাম-ঠিকানা সুনির্দিষ্ট করে মুদ্রণ করাতে হবে; উৎপাদনের তারিখ প্রদান বাধ্যতামূলক করতে হবে এবং তামাকজাত দ্রব্যের মোড়কে প্রতারণা বন্ধ করতে নির্দিষ্ট মোড়ক চালু করতে হবে।