শপথ গ্রহণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি এবং জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের নবনিযুক্ত তিন বিচারপতি।
রবিবার (৯ জানুয়ারি) বিকালে ধানমন্ডির ৩২ নম্বরে এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ। এসময় তাদের সঙ্গে সুপ্রিম কোর্টের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে রবিবার রাষ্ট্রপতি আবদুল হামিদের আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মো. গোলাম সারওয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার বিচারপতি নিয়োগের তথ্য জানানো হয়।
এদিন চার বিচারপতির মধ্যে তিন জনকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অসুস্থতা নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি থাকায় বিচারপতি এফ আর এম নাজমুল আহসানকে পরবর্তীতে শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি।
পরে রীতি অনুসারে আপিল বিভাগের এজলাস কক্ষে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে তিন বিচারপতিকে সংবর্ধনা জানানো হয়।
নতুন এই নিয়োগের ফলে বর্তমানে আপিল বিভাগে বিচারকের সংখ্যা হলো আট জন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আরও দায়িত্ব পালন করছেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি ওবায়দুল হাসান।