কোস্টগার্ডকে ৭টি জলযান হস্তান্তর

বাংলাদেশ কোস্ট গার্ডকে একটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) এবং ৬টি ওয়াটার জেট প্রযুক্তির হাই স্পিড বোট হস্তান্তর করা হয়েছে। সোমবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডে এ হস্তান্তর অনুষ্ঠান করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিইডবি-উ লি. এর কনস্ট্রাকসন সাইটে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন। প্রধান অতিথি বোটগুলো হস্তান্তরকাজ সম্পন্ন করেন।

স্পিড বোটউল্লেখ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন এ ধরনের যুদ্ধজাহাজ এবং হাই স্পিড বোট নির্মাণ আমাদের দেশের জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা। এর ফলে একদিকে যেমন দেশীয় শিল্প প্রতিষ্ঠানের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি পাবে, অন্যদিকে জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখবে।

প্রায় ৫৩ মিটার দৈর্ঘ্যের ২৩ নট গতিসম্পন্ন আইপিভি এবং ১৮ মিটার দৈর্ঘ্যের ২৭ নট গতিসম্পন্ন আধুনিক ওয়াটার জেট প্রযুক্তির হাই স্পিড বোটগুলো বাংলাদেশ কোস্ট গার্ডের বহরে যুক্ত হয়ে বাহিনীর নানা কাজে নিয়োজিত থাকবে। তাছাড়া বোটগুলো যেকোনও দুর্যোগময় মুহূর্তে অতি অল্প সময়ে ত্রাণসহ নানাবিধ সহায়তা দিতে  সক্ষম। বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি অনুসরণ করে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম অব্যাহত ছিল।