চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি

সবস্তরের চাকরিতে প্রবেশের বয়সসীমা স্থায়ীভাবে বাড়ানোসহ ৪ দফা দাবি জানিয়েছে সর্বদলীয় চাকরি প্রত্যাশী ছাত্র ঐক্য পরিষদ। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মানববন্ধনে তারা এ দাবি জানায়। একই দাবিতে আগামী ১৬ জানুয়ারি শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ঘোষণা দেন তারা।

সমাবেশে গতবছরের ১৯ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মহামারির কারণে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য মোট ২১ মাস বয়স ছাড় দেওয়ার ব্যাকডেট প্রজ্ঞাপনকে শিক্ষার্থীদের জন্য বৈষম্যমূলক উল্লেখ করে বক্তারা বলেন, ২০১৮ সালে আপনাদের ইশতেহারে প্রতিশ্রুতি ছিল পরিস্থিতি অনুযায়ী বাস্তবতার নিরিখে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধিতে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু মাঝে করোনার কারণে শিক্ষার্থীদের জীবন থেকে প্রায় দুই বছর হারিয়ে গেলেও তিন বছর আগে ছাত্র সমাজকে দেওয়া সরকারের নির্বাচনি ইশতেহার এখনও বাস্তবায়িত হয়নি। ইশতেহারের বাস্তবায়ন যুব সমাজের প্রাণের দাবি।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মানিক মিয়া বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের বয়সসীমা বাড়াতে মানববন্ধন, সমাবেশ করে আসছি। কিন্তু সরকারের দেশের বেকারদের নিয়ে কোনও মাথা ব্যথা নেই। আমরা ধারাবাহিক কর্মসূচি করে আসছি। আজকের এই কর্মসূচি থেকে সরকারের কাছে সর্বশেষ বাঁচার দাবি জানাচ্ছি।’

সমাবেশে সংগঠনের মুখপাত্র ইমতিয়াজ হোসেন দেশের সব বঞ্চিত শিক্ষার্থীদের এই গণ-আন্দোলনে যোগ দেওয়ার জন্য আহ্বান করেন। সেইসঙ্গে তাদের এই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানান তিনি।

তাদের অপর ৩ দাবি হলো, দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করে নিয়োগ পরীক্ষার (প্রিলি ও রিটেনে) মার্কসহ ফল প্রকাশ করা, চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করা এবং সমন্বিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা।