এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ট্রাভেল এজেন্টদের সংগঠন আটাব। সংগঠনটির নেতারা টিকিটের বর্ধিত মূল্য কমানো একং টিকিট সিন্ডিকেট বন্ধে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আটাব আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আটাবের সাবেক সভাপতি এস. এন. মঞ্জুর মোর্শেদ মাহবুব বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে যাতায়াতের জন্য এয়ার টিকিটের আকাশচুম্বী মূল্য বিরাজ করছে। গত বছরের অক্টোবর থেকে এই সংকটময় অবস্থা শুরু হয়ে। এ বছরের জানুয়ারিতে টিকিটের মূল্য সর্বকালের সেরা রেকর্ড পার হয়ে যায়।’

তিনি বলেন, ‘রিয়াদ, জেদ্দা, মাস্কট ও দুবাই সেক্টরের ইকোনমি ক্লাসের স্বাভাবিক একমুখী ভাড়া ৩০ থেকে ৩৫ হাজার টাকা হলেও এখন ১ লাখ টাকা থেকে ১ লাখ ৩০ হাজার টাকায় চলে এসেছে। এত বেশি টাকা দিয়েও এখন টিকিট পাওয়া যাচ্ছে না।

মোর্শেদ মাহবুব আরও বলেন, ‘টিকিটের মূল্য বাড়ার ফলে প্রবাসী, শ্রমজীবী বিদেশগামী যাত্রী, ওমরাহ্ যাত্রী, রিক্রটিং এজেন্সি, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটরসহ সবাই ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাশের দেশ ভারতে উল্লিখিত রুটে এয়ার টিকিটের মূল্য ৪০ হাজার টাকারও কম।’

সংবাদ সম্মেলন থেকে এয়ার টিকিটের সিন্ডিকেট বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান মন্ত্রণালয়কে ভাড়া কমানোর জন্য ওপেন স্কাই ঘোষণা করাসহ এয়ারলাইন্সের টিকিট বিপণন ব্যবস্থা তদারকি করা এবং এয়ার টিকিট সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি।’

সংবাদ সম্মেলন আরও উপস্থিত ছিলেন আটাবের সাবেক মহাসচিব জনাব আবদুস সালাম আরেফ, টোয়াবের সভাপতি রাফেউজ্জামান, মো. আবদুল হামিদ, নুরুল আলম শাহীন, মনসুর আলম পারভেজ, মনিরুজ্জামান, খোরশেদ আলম, ফজলুল হক, আনোয়ার হোসেন, সবুজ আহমেদ, তোহা, ইবরাহিম ও মেজবাহ উদ্দিনসহ আটাব, টোয়াব, হাব ও বায়রার নেতারা।