ভিকটিম ও আসামি উভয়ে যেন ন্যায়বিচার পান: কর্মকর্তাদের উদ্দেশে পিবিআই প্রধান

ভিকটিম ও আসামি উভয়েই যেন ন্যায়বিচার পান, সে অনুযায়ী কর্মকর্তাদেরকে কাজ করার নির্দেশনা দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই’র প্রধান অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার।

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ধানমন্ডিতে পিবিআই’র সদর দফতরে কর্মরত ১২ পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ পরিয়ে দেওয়ার পর কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

এ সময় বনজ কুমার মজুমদার বলেন, ‘যারা ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছেন, তারা তাদের ভালো কাজের ধারা অব্যাহত রাখবেন। অন্যরা এতে উৎসাহিত হবেন। সর্বোচ্চ চেষ্টা করবেন, যেন ভিকটিম ও আসামি উভয়েই ন্যায়বিচার পান। এতে দেশের মানুষের পুলিশের প্রতি আস্থা বাড়বে।’

পুরস্কার পাওয়া কর্মকর্তাদেরকে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে ব্যাজ পরিয়ে দেওয়ার কথা থাকলেও করোনার কারণে এবার নিজ নিজ দফতরে পৌঁছে দেওয়া হয় এই ব্যাজ। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদের পক্ষ থেকে পিবিআই’র ১২ জন পুলিশ সদস্যকে ব্যাজ পরিয়ে দেন পিবিআই প্রধান ও অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার। ব্যাজ পদকের পাশাপাশি প্রত্যেককে আর্থিক পুরস্কারও দেওয়া হয়েছে।

পিবিআইয়ে কর্মরত যারা ‘আইজিপি ব্যাজ’ পেলেন— ২০২১ সালে আইজি ব্যাজ প্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্য হলেন— মো. মিজানুর রহমান, পুলিশ সুপার পিবিআই কুমিল্লা জেলা, এসআই জামাল উদ্দিন খান পিবিআই নরসিংদী জেলা ও এসআই স্নেহাশিস দাস, পিবিআই যশোর জেলা।

২০২০ সালে আইজি ব্যাজপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ও সদস্য হলেন— মো. রুহুল আমিন, সহকারী পুলিশ সুপার, বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২, গাজীপুরে কর্মরত , পুলিশ পরিদর্শক গাজী মো. মাহবুবুর রহমান যশোর জেলা, পুলিশ পরিদর্শক মো. সাইফুল ইসলাম পিবিআই রংপুর জেলা, পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম পিবিআই গাইবান্ধা জেলা, পুলিশ পরিদর্শক  মনজুরুল হাসান মাসুদ পিবিআই খুলনা জেলা, পুলিশ পরিদর্শক আজাদ হোসেন ফরিদপুর জেলা, এসআই  ইকরামুল হক, পিবিআই রংপুর জেলা, এসআই মুহাম্মদ ইয়াছিন, বর্তমানে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম ডিএমপি, ঢাকায় কর্মরত ও এসআই মো. ইব্রাহিম, পিবিআই কুমিল্লা জেলা।

কল্যাণকর কাজের স্বীকৃতি হিসেবে ২০২০ ও ২০২১ সালের জন্য পিবিআই’র ১২ জন পুলিশ সদস্যকে পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ (আইজিপি ব্যাজ) দেওয়া হয়েছে। ‘এ’, ‘বি’, ‘সি’, ‘ডি’, ‘ই’ ও ‘এফ’- এই ছয় ক্যাটাগরিতে ভাগ করে ব্যাজ দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর পুলিশ সপ্তাহে আইজিপি ব্যাজে মনোনীত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের এই পদক দেওয়া হয়। এছাড়া যারা আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কার্যক্রম, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদান রাখেন, তাদেরও এই পদকের জন্য নির্বাচিত করা হয়।