মৃত্যুর আগে বলে যাওয়া নিজের শেষ ইচ্ছা অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের বুদ্ধিজীবী কবরস্থানের পাশে দাফন করা হয়েছে আবু মহসিন খানকে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে বাদ আসর জানাজা শেষে তাকে দাফন করা হয়।
মহসিন খানের জামাতা চিত্রনায়ক রিয়াজ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শেষ ইচ্ছা অনুযায়ী মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থানে পাশে একটি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন। এছাড়া আপাতত আর কিছু বলার নেই।
এর আগে দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত হয় আবু মহসিন খানের।
বুধবার (২ ফেব্রুয়ারি) রাতে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন একসময়ের গার্মেন্ট ব্যবসায়ী আবু মহসিন খান। এ ঘটনার পর আবু মহসিন খানের জামাতা চিত্রনায়ক রিয়াজ রাজধানীর ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।