শ্রম অধিদফতরে নতুন ডিজি

রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক খালেদ মামুন চৌধুরীকে শ্রম অধিদফতরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (৯ ফেব্রুয়ারি) এ নিয়োগ আদেশ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এছাড়াও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলামকে জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতরের রেজিস্টার (অতিরিক্ত সচিব) আবদুস সাত্তারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি যানবাহন অধিদফতরের পরিবহন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি শ্রম অধিদফতরের মহাপরিচালক গৌতম কুমারকে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হলে পদটি এতদিন শূন্য ছিল।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অপর আদেশে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) সদস্য গোলাম ফারুককে বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে এবং স্বাস্থ্যসেবা বিভাগের সংযুক্ত অতিরিক্ত সচিব অলিউল্লাহকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।