গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। শারীরিক নানা জটিলতা দেখা দেওয়ায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে বিএসএমএমইউ হাসপাতাল থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসে তার পরিবার। বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন হাসপাতালটির সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. সম্রাট।
তিনি বলেন, কাওসার আহমেদ চৌধুরী দীর্ঘদিন কয়েকটি রোগে ভুগছিলেন। এর সঙ্গে যুক্ত হয়েছে কোভিড। ওনাকে আজকে সকালে তার পরিবার এখানে নিয়ে আসে। আমরা সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু করি। আমাদের পক্ষে যতটুকু সাপোর্ট দেওয়া প্রয়োজন আমরা তা দিচ্ছি। তিনি বর্তমানে আইসিইউতে আছেন। যেই অবস্থায় তিনি এসেছিলেন বর্তমানে তার থেকে কিছুটা উন্নতি হয়েছে, তবে তিনি শঙ্কামুক্ত নন। কারণ তার রক্তচাপ এখনো নির্ণয় করা যাচ্ছে না, তবে তার শরীরে প্রাণ আছে। তার জ্ঞান আছে।
ডা. সম্রাট আরও বলেন, তিনি একজন ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্টের তত্ত্বাবধানে আছেন। ২৪ ঘণ্টা পার হওয়ার আগে আমরা নিশ্চিত করে কিছু বলতে পারবো না। আমরা উনাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছি।
প্রসঙ্গত, কাওসার আহমেদ চৌধুরী লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—আমায় ডেকো না, কবিতা পড়ার প্রহর এসেছে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, যেখানে সীমান্ত তোমার, ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১, ২ ও এলআরবি'র রুপালি গিটার ফেলে।