শ্রেণিকক্ষে পাঠদান শুরু হলেই নতুন শিক্ষাক্রমের পাইলটিং

শিক্ষার্থীদের যেদিন থেকে  শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে সেদিন থেকেই নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে নতুন ‘জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ও শিক্ষাক্রম পরিচিতি’ শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। 

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা স্কুল ঠিক করেছি। মাধ্যমিকের সেসব প্রতিষ্ঠানে পাইলটিং হবে। এ সপ্তাহের মাঝামাঝি বা শেষ দিকে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আমাদের পরবর্তী সভা হবে। যেহেতু এখন সংক্রমণের হার কমে আসছে সে জন্য আমরা সবাই খুব আশাবাদী যে, এরপর আর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রাখার তারিখ বাড়াতে হবে না। কিন্তু আমি এই মুহূর্তে সুস্পষ্টভাবে বলতে পারছি না। জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবো। তখন আমরা আপনাদের বলতে পারবো। তবে যেদিন থেকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে সেদিন থেকেই পাইলটিংয়ে যাবো।’

এনসিটিবির চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মশিউজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন, অধ্যাপক ড. জাফর ইকবাল, এনসিটিবি সদস্য অধ্যাপক ফরহাদুল ইসলাম, অধ্যাপক আবুল মোমেন, অধ্যাপক এম তারিক আহসান প্রমুখ।