চলনবিল ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে বিনিয়োগ করুন: এডিবিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী

চলনবিলের কৃষি উন্নয়ন ও ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংককে (এডিবি) বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম।

সোমবার (১৪  ফেব্রুয়ারি) শেরে বাংলা নগরে পরিকল্পনা কমিশন দফতরে সাক্ষাৎ করতে এলে ঢাকায় নিযুক্ত এডিবির নতুন কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিংকে এ আহ্বান জানান তিনি। এডিমন গিন্টিং এসব খাতে বিনিয়োগের পদক্ষেপ নেবেন বলে প্রতিমন্ত্রীকে আশ্বস্ত করেন।

শামসুল আলম বলেন, ‘নেদারল্যান্ডসের আদলে নেওয়া ডেল্টা প্ল্যান তথা ‘ব-দ্বীপ পরিকল্পনা-২১০০’কে দেশের ভবিষ্যৎ উন্নয়নের চাবিকাঠি হিসেবে দেখছে সরকার। এটি বাস্তবায়নে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ১৪ হাজার ৫০০ কোটি টাকা।’

তিনি বলেন, ‘এ ছাড়াও শত বছরের বিবর্তনে উত্তর জনপদের ঐতিহ্যবাহী মৎস্য ভাণ্ডার খ্যাত চলনবিল মরা খালে পরিণত হয়েছে। হারিয়ে ফেলেছে তার চিরচেনা রূপ, যৌবন আর ঐতিহ্য। চলনবিলে রসুন, পেঁয়াজ, সরিষা, মিষ্টি কুমড়া, গাজর, লাউ, সিমসহ নানা ধরনের শাক-সবজি আবাদ হচ্ছে। চলনবিলের নদী-খাল খননের মাধ্যমে কৃষিকাজ বেগমান হবে। এ জন্যই মূলত বিনিয়োগের আহ্বান জানানো হয়।’

প্রতিমন্ত্রী বলেন, ‘চলনবিলকে রক্ষা করতে এডিবিকে বিনিয়োগের ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। চলনবিলে নদী ও খাল খননের মাধ্যমে কৃষিকাজ আরও এগিয়ে যাবে। বিশাল বিলে কীভাবে কৃষি আরও  উন্নয়ন করা যায়, সেই বিষয়ে এডিবির কাছে অর্থায়নের আহ্বান করা হয়েছে।’

বর্জ্য ব্যস্থাপনা প্রসঙ্গে ড. শামসুল আলম বলেন, ‘প্রতিটা শহরে বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করা হবে। এ বিষয়ে বিনিয়োগের কথা বলেছি। দেশে ৩১২টি সিটি রয়েছে। এডিবির সঙ্গে নীতিগত আলাপ হয়েছে।’