ভাটারায় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

রাজধানীর ভাটারা ছোলমাইদ এলাকায় মাটি কাটার সময় পুরাতন বাউন্ডারির দেয়াল ধসে সবুজ (৩০) নামে একজন দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা কোম্পানির ম্যানেজার আবুবক্কর জানান, ডয়েলিং রিয়েল এস্টেটের কোম্পানির ভবন তৈরির জন্য পাইলিংয়ের কাজ চলছিল। সেখানে কয়েকজন শ্রমিক মাটি কাটার কাজ করছিলেন। সেখানে পুরাতন বাউন্ডারি দেওয়াল ধসে সবুজ চাপা পড়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে দুপুর পৌনে একটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত সবুজ সুনামগঞ্জ জেলার মধ্যনগর উপজেলার নামাগাঁও গ্রামের বাসিন্দা। বর্তমানে সাঈদনগর এলাকায় থাকতেন তিনি।