কচুক্ষেতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় আসামি গ্রেফতার

রাজধানীর ভাসানটেক থানা এলাকার কচুক্ষেতের রজনীগন্ধা কমপ্লেক্সে রাঙাপরী জুয়েলার্সের স্বর্ণের চুরির ঘটনায়  জড়িত আসামিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা একেএম হাফিজ আক্তার শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, স্বর্ণের দোকানে চুরির ঘটনায় চোরাইকৃত স্বর্ণ বিক্রির টাকা ও ইমিটেশন গহনা উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে কতজন আসামি গ্রেফতার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। রবিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে।

গত ৫ ফেব্রুয়ারি কচুক্ষেত রজনীগন্ধা কমপ্লেক্সের নিচতলায় রাঙাপরী জুয়েলার্স-এর দুটি দোকানের শাটার কেটে ৩০২ ভরি স্বর্ণ এবং নগদ টাকা নিয়ে যায় মার্কেটের নিরাপত্তাকর্মী ও ক্লিনারসহ ৪ জন। সিসিটিভি ফুটেজে অপরাধীরা শনাক্ত হয়। তবে বেস্ট সিকিউরিটি অ্যান্ড লজিস্টিক লিমিটেডের মাধ্যমে নিয়োগ পাওয়া নিরাপত্তাকর্মী এবং ক্লিনার মিথ্যা তথ্য দেওয়ার কারণে তাদের গ্রেফতারে কিছুটা সময় লাগে।