কয়েকদিন তাপমাত্রা বাড়ার পর আজ আবার দুপুরের পর আকাশ মেঘলা হয়ে পড়েছে। ঢাকাসহ প্রায় সব বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি শুরু হয়েছে। আগামীকাল দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে বলে আবহাওয়া অধিদফতর জানায়।
আবহাওয়াবিদ মোহম্মদ ওমর ফারুক বলেন, আজ ঢাকাসহ চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আগামীকাল দুপুরের পর পশ্চিমা লঘুচাপের প্রভাব কমে এলে আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ১৫ দশমিক ৪, ময়মনসিংহে ১৩ , চট্টগ্রামে ১৪ দশমিক ৬, সিলেটে ১২ দশমিক ৯, রাজশাহীতে ১৩, রংপুরে ১২ দশমিক ২, খুলনায় ১৪ দশমিক ৫ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।