আদালতের নির্দেশনা প্রতিপালন না করায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ভিসি, রেজিস্ট্রার ও কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদেরকে রুলে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
হাসপাতালের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ড. জাহানারা আরজুর করা আবেদনের শুনান নিয়ে রবিবার (২০ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলিরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ফয়জুল্লাহ (ফয়েজ)।
জানা গেছে, এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কার্ডিওলজি বিভাগের নারী চিকিৎসকরা দীর্ঘদিন ধরে মানসম্মত অ্যাটাচ বাথসহ অফিস রুমের দাবি করে আসছিলেন। কয়েকজন অবসরপ্রাপ্ত অধ্যাপক রুম দখল করে রাখায় ওই চিকিৎসকরা বঞ্চিত হয়ে আসছিলেন। তাই বিভাগের একমাত্র নারী অধ্যাপক ড. জাহানারা আরজু হাইকোর্টে রিট দায়ের করেন।
আদালত সে রিটের শুনানি নিয়ে রুল জারি করেন এবং আবেদনকারী অধ্যাপককে ১৫ দিনের মধ্যে মানসম্মত অফিস রুম বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আদালতের অন্তর্বর্তীকালীন আদেশের কপি পেয়ে গত ৪ জানুয়ারি চিঠির মাধ্যমে হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করবেন বলে আশ্বাস দেন।
তবে দীর্ঘদিনেও মেডিক্যাল বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ আদালতের আদেশ বাস্তবায়ন করেনি। যার ফলে তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার আবেদন জানান অধ্যাপক ড. জাহানারা আরজু।