তেলের গ্যালনে গাঁজা!

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় প্লাস্টিকের দুটি তেলের গ্যালনে ২২ কেজি গাঁজা পাচারের সময় ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ গোলাপবাগ মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন মো. এনামুল হক (২৮) ও ইন্দ্রজিৎ দাস (৩০)। তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন ও মাদক বিক্রির নগদ ৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই জনের কাছে থাকা দুটি প্লাস্টিকের গ্যালন কেটে ২২ কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানান, তারা এর আগেও বিভিন্ন কৌশলে দেশের সীমান্তবর্তী বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে তা ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকার মাদক কারবারীদের কাছে বিক্রি ও সরবরাহ করে আসছিল।’

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগেও র‌্যাবের বিভিন্ন ব্যাটালিয়নের সদস্যরা তেলের ট্যাঙ্কার, ফলের ঝুড়ি, ট্রাকের সিটের নিচে, বাসের সিটের নিচে, মোটরসাইকেল লুকানো অবস্থায়, এমনকি মানুষের পেটে পাকস্থলীর ভেতরে করে মাদক পাচারকালে কারবারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।