অমর একুশে গ্রন্থমেলায় প্রতি বছরের মতো এবারও বেশি বিক্রি হচ্ছে উপন্যাসের বই। কবিতার বই বেশি প্রকাশিত হলেও উপন্যাসের বই বিক্রির শীর্ষে বলে জানান প্রকাশক ও বিক্রয়কর্মীরা।
মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) মেলায় ঘুরে কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় তাদের সবার সংগ্রহের তালিকায় রয়েছে উপন্যাস। এরমধ্যে রোমান্টিক, ঐতিহাসিক, রাজনৈতিক ও থ্রিলার উপন্যাসকে প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা। এছাড়াও, গল্প, কবিতা, সায়েন্স,অনুবাদ সাহিত্যের প্রতিও পাঠকদের বেশ ভালো আগ্রহ।
পার্ল পাবলিকেশন্সের স্বত্বাধিকারী হাসান জাহিদী জানান, একেকজন প্রকাশক একেক ধরনের বই প্রকাশ করেন। সেদিক থেকে আমার এখানে উপন্যাস ও কিশোর বই বেশি বিক্রি হচ্ছে। ইতিহাস আশ্রিত উপন্যাসই পাঠকরা বেশি কিনছেন।
অন্বেষা প্রকাশের ব্যবস্থাপক নাদিম হোসেন বলেন, পাঠকরা উপন্যাস, সায়েন্স ফিকশন আর কবিতার বই বেশি কিনছেন। উপন্যাসের মধ্যে রোমান্টিক ও ঐতিহাসিক উপন্যাস বেশি বিক্রি হচ্ছে। এছাড়াও, অন্য বই বিক্রি হচ্ছে তবে কম।
মাওলা ব্রাদার্সের বিক্রয়কর্মী ইয়াসিন বলেন, উপন্যাস, গল্পের বই বেশি বিক্রি হচ্ছে। পাঠকরা লেখকের ওপর ভিত্তি করে বই কেনেন। যে যার প্রিয় লেখকের উপন্যাস কেনেন। আমাদের এখানে আহমদ ছফার উপন্যাসই বেশি বিক্রি হচ্ছে। কবিতার বই যেভাবে আসে সে তুলনায় বিক্রি কম হয়।
ঐতিহ্য প্রকাশের বিক্রয়কর্মী ইশরিকাত হাসান বলেন, গল্প কবিতা, উপন্যাস ভালো বিক্রি হচ্ছে। তবে উপন্যাস সবচেয়ে বিক্রি বেশি। পাঠকরা রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো লেখকদের বেশি কিনছেন। উদীয়মান লেখকদের নিয়ে পাঠকদের কারও কারও প্রশ্ন থাকলেও সেসব বইও কিনছেন।
তেজগাঁও কলেজের দর্শন বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন বলেন, উপন্যাস, গল্প, প্রবন্ধ কবিতার বই বেশি ভালো লাগে, পড়া হয়। বইমেলা থেকে প্রতি বছর এ ধরনের বই সংগ্রহ করি। এবার এখনও সংগ্রহ করা হয়নি। বাংলা একাডেমি থেকে বঙ্গবন্ধুর বেশ কয়েকটা বই কিনেছি। প্রায় সব ধরনের উপন্যাসই পড়া হয়, তার মধ্যে রোমান্টিক, ঐতিহাসিক ও রাজনৈতিক ধারার উপন্যাস বেশি পড়া হয়। আমার আগের লেখকদের লেখা বেশি ভালো লাগে, তবে সমসাময়িকদের মধ্যে অনেকের লেখাও ভালো হচ্ছে, সেগুলোও সংগ্রহ করবো।
মেলায় বাংলা ট্রিবিউনের সঙ্গে কথা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বর্ণা রহমানের। তিনি জানলেন, ৩টি থ্রিলার ও ২টি রোমান্টিক উপন্যাস কিনেছেন। স্বর্ণা বলেন, উপন্যাসই পড়তে বেশি ভালো লাগে। এরমধ্যে থ্রিলার ও রোমান্টিক উপন্যাস বেশি ভালো লাগে।
আলোচনা সভা
বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ: লেখক বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ সেলিম। আলোচনায় অংশগ্রহণ করেন ঝর্না রহমান ও তানভীর আহমেদ সিডনী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। এদিন মেলায় নতুন বই এসেছে ৭৩টি।