আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২ উপলক্ষে ও ভাষা শহীদদের স্মরণে ট্রাফিক-ডেমরা জোনের পক্ষ থেকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) পোস্তগোলা ইগলবক্স এলাকায় বাস শ্রমিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার নিম্ন আয়ের মানুষের শিশু সন্তানদের জন্য বাংলা ভাষা শিক্ষার জন্য বাংলা বর্ণমালা ও ছড়ার বই বিতরণ করা হয়েছে।
উদ্যোগে বিভিন্ন পরিবহনের চালক, সহকারী ও অসহায় লোকজনের দুই থেকে সাত বছর বয়সী শিশুদের জন্য এসব বই উপহার দেওয়া হয়। এসময় টিআই (ইগলবক্স) জিএম মুসা কালিমুল্লা ও অন্যান্য ট্রাফিক পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
ভাষার মাসে পুলিশের কাছ থেকে সন্তানদের জন্য এমন উপহারে খুশি পরিবহন শ্রমিকরাও।
পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রত্যেক বাবা মাই চান তাদের সন্তানরা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করবে। তবে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে ভাষা দিবস, বই মেলার কথা তাদের মাথায় থাকে না। অমর একুশে বইমেলায় অনেক শিশুরাই তার বাবার হাত ধরে নতুন বই কেনার আনন্দ পায় না। আমরা মহান ভাষার মাসে আমাদের ক্ষুদ্র প্রয়াসে কিছু শিশুকে নতুন বইয়ের স্বাদ দেওয়ার চেষ্টা করছি।
তিনি বলেন, বাবা-মায়েরা তাদের সন্তানকে এসব নতুন বই বাসায় গিয়ে দেবেন, শিশুরাও খুশি হবে।