যুদ্ধ বন্ধের দাবি বাংলাদেশে বসবাসরত ইউক্রেনের নাগরিকদের

রাশিয়া ও ইউক্রেনের মধ্য চলমান যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশে বাসবাসরত ইউক্রেনের নাগরিকরা। বুধবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নো টু ওয়ার, পিস ইন ইউক্রেন’ শীর্ষক ব্যানারে এক মানববন্ধন থেকে এই দাবি জানান তারা।

বৈবাহিক সূত্রে গত ২০ বছর ধরে ঢাকায় বাস করা ইউক্রেনিয়ান নাগরিক আকসানা লাপিকবার মানববন্ধনে বলেন, ‘ইউক্রেনে যা হচ্ছে, কোনও সুস্থ মানুষ সেটা মেনে নিতে পারেন না। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমার দেশের নাগরিকদের নিরাপত্তা চাই। যুদ্ধ ছাড়াও যেকোনও সমস্যার সমাধান করা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘ইউক্রেনে আমার মা, ছোট বোন ও বোনের সন্তান আছেন। মা ও বোনের সঙ্গে নিয়মিত ফোনে কথা বলছি। তবে তারা অনেক কষ্টে আছেন। সুপারমার্কেটে কেনাকাটা করতে পারছেন না। খাওয়ার সমস্যা হচ্ছে, অভাব আছেন তারা।’

ইউক্রেন প্রবাসী ইসলাম গাউছুল শাহেদ বলেন, ‘আমি ইউক্রেনে ব্যবসা করি। গত ১৯ ডিসেম্বর আমি বাংলাদেশে এসেছি। আগামী ১০ মার্চ আমার ফেরার কথা, টিকিটও কাটা। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে ফিরতে পারছি না। আমার স্ত্রী ও মেয়ে ইউক্রেনে আছে। পরিবার নিয়ে আমি দুশ্চিন্তায় আছি।’

ইউক্রেন প্রবাসী সাইফুল ইসলাম বলেন, ‘আমি ২৪ বছর ধরে ইউক্রেনে থাকি। আমি সেখানকার নাগরিকও। গত বছরের ৩০ ডিসেম্বর বাংলাদেশে আসি। আজ ২ মার্চ আমার ইউক্রেনে ফেরার ফ্লাইট ছিল। যুদ্ধ পরিস্থিতির কারণে যেতে পারিনি।’

এ সময় যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।