‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের  দশম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

যশোর সেনানিবাসে সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে মঙ্গলবার (৮ মার্চ) সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক সম্পন্ন হয়। অনুষ্ঠানে কোর অব সিগন্যালসের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে গৌরবমণ্ডিত ‘কর্নেল কমান্ড্যান্ট’ এর র‍্যাংক-ব্যাজ পরিয়ে দেন।

মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর- আইএসপিআরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যারেড স্কয়ারে পৌঁছালে সেনাবাহিনী প্রধানকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয় এবং কোর অব সিগন্যালসের একটি চৌকষ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রধান ‘কর্নেল কমান্ড্যান্ট' হিসেবে ঐতিহ্যবাহী সামরিক নীতি অনুযায়ী, কোর অব সিগন্যালসের  অভিভাবকের দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ স্বাধীনতার মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একইসঙ্গে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সিগন্যাল কোরের বীর সেনানীসহ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করেন।

এ সময় তিনি আধুনিক যোগাযোগ নিরাপত্তা, তথ্য প্রযুক্তির উন্নয়ন ও গবেষণার ওপর গুরুত্বারোপ করে সিগন্যাল কোরের সদস্যদের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবার জন্য দিক নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ কোর অব সিগন্যালসের ‘অধিনায়ক সম্মেলন ২০২২’ এ যোগ দেন। তিনি সম্মেলনে উপস্থিত সকল সিগন্যাল ইউনিটের অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং কোর অব সিগন্যালসের উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে-বিদেশে পরিচালিত কার্যক্রমের বিষয়ে মতবিনিময় করেন। এ সময় সেনাবাহিনী প্রধান কোর অব সিগন্যালসের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশমাতৃকার সেবায় এই কোরের অবদানের কথা স্মরণ করেন।