সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান দম্পতিকে আত্মসমর্পণের নির্দেশ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী (বিএনপি আমলে) ও বর্তমানে লিবারেল ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক রেদোয়ান আহমেদ ও তার স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে থাকা দুর্নীতি মামলা বাতিল প্রশ্নের রুল খারিজ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তাদের বিরুদ্ধে থাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে (দুর্নীতি) মামলাটির ওপর জারি থাকা স্থগিতাদেশ প্রত্যাহার, তাদের জামিন বাতিল এবং মামলার বিচার আগামী এক বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও তাদেরকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত।

বুধবার (৯ মার্চ) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে দুদকের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি। তবে এদিন রেদোয়ান আহমদের পক্ষে কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

এর আগে দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ ২০০৭ সালের ১৯ ডিসেম্বর রমনা থানায় মামলা করেন। ওই মামলায় রেদোয়ান আহমেদ ও তার স্ত্রী মমতাজ আহমেদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূতভাবে ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও ১ কোটি ৩৬ লক্ষ ৫৫ হাজার ৮ শত ২৮ টাকার তথ্য গোপনের অভিযোগ করা হয়।

তদন্তকারী কর্মকর্তা মামলাটির তদন্ত শেষ করে ২০০৮ সালের ৭ জুলাই অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগ পত্র দাখিলের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার পর মামলাটির কার্যক্রম স্থগিত ও এ বিষয়ে রুল জারি করা হয়। ফলে ২০০৮ সালে থেকে মামলাটির বিচারকাজ বন্ধ হয়ে যায়।