১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি গ্রেফতার

সাড়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ (হুজিবি)-এর সদস্য শরিফুজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

শুক্রবার (১১ মার্চ) সকালে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এটিইউ’র মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস শাখার পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতার শরিফুজ্জামান ওরফে মিন্টু ওরফে ওবায়দুল্লাহ ওরফে মাহি ওরফে শরীফ আদালত থেকে জামিনে বের হয়ে পলাতক ছিল। দীর্ঘদিন রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় আত্মগোপনে ছিল। সে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে এবং ফ্রিল্যান্সিং করে জীবিকা নির্বাহ করে আসছিল। সে তার স্ত্রী ও দুই সন্তানসহ রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় থাকতো।

২০১৩ সালের ৭ অক্টোবর তুরাগ থানাধীন আশুলিয়া বাইপাইল রোডে অভিযান পরিচালনা করে হুজিবির চার নেতাকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গোলাবারুদ। গ্রেফতার আসামিদের মধ্যে শরিফুজ্জামান সেসময় সংগঠনের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিল। তুরাগ থানায় তাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্যাদি আইন ও অস্ত্র আইনে মামলা করা হয়।