বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রদ্ধার্ঘ্য

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী আজ  (১৭ মার্চ)। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের নেতৃত্বে জাতির পিতার প্রতিকৃতিতে মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা জানানোর পর প্রবাসী কল্যাণ ভবনের বিজয়-৭১ হলে এক আলোচনা সভায় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, ‘বঙ্গবন্ধু বাঙালি জাতির মহান নেতা। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মূলে রয়েছে বঙ্গবন্ধুর আদর্শ। আমরা যদি বঙ্গবন্ধুর দেখানো পথে আত্মনিয়োগ করি তবেই তার প্রতি কৃতজ্ঞতা জানানো হবে। প্রজন্ম থেকে প্রজন্মে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন– ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম এনডিসি, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহিদুল হক। এ সময় মন্ত্রণালয় ও আওতাধীন দফতর/সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা হয়। বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।