ভুয়া সমিতির নামে ২০ লাখ টাকা আত্মসাৎ

‘বেপারী বাড়ি শ্রমজীবী সমবায় সমিতি’র নামে রাজধানীর বাড্ডা এলাকায় ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সমিতির চেয়ারম্যান মিজানুর রহমানের বিরুদ্ধে।  বুধবার (১৬ মার্চ) তাকে গ্রেফতার করেছে র‌্যাব।

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে— ১০টি পাস বই, ২টি রেজিস্টার, ২টি ক্যালকুলেটর, ৫০টি টাকা আদায়ের রশিদ, ৪০টি সদস্য ফরম, ১টি মোবাইলফোন, ২টি সিম কার্ড এবং নগদ সাড়ে ৩ হাজার টাকা।

র‌্যাব-৩ এর অপারেশন অ্যান্ড ইন্টেলিজেন্সের স্টাফ অফিসার বীনা রানী দাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বেপারী বাড়ি শ্রমজীবী সমবায় সমিতি’ নামে ভুয়া প্রতিষ্ঠান খুলে ২০২০ সাল থেকে নিম্ন আয়ের লোকজনের কাছ থেকে দৈনিক কিস্তি আদায় করে আসছিল মিজানুর রহমান। সমিতির কোনও বৈধ রেজিস্ট্রেশন বা সরকারি  অনুমোদন নেই। আনুমানিক ৫০০ সদস্যদের কাছ থেকে গত ২ বছরে ২০ লাখ টাকা  আদায় করে সে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওযা হবে।’