ডেমরায় জাল টাকার কারখানার সন্ধান, ছয় জন গ্রেফতার

রাজধানীর ডেমরা এলাকায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এসময় ওই কারখানা থেকে ১ লাখ ২০ টাকার জাল নোটসহ ছয় জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ডেমরার সারুলিয়া টেংরা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো—মো. ইমরান হোসেন, মো. মিলন হোসাইন, মো. ইলিয়াস মিয়া, সবুজ আহম্মেদ, মো. সাইফুল ইসলাম ও মো. আলিফ।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, সারুলিয়ার ওই বাসার কাছে গেলে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালানোর চেষ্টা করলে ৬ জনকে গ্রেফতার করা হয়। ওই বাসার নিচ তলার একটি কক্ষ থেকে উদ্ধার করা হয় ৫০ টাকা মূল্যমানের তৈরিকৃত ১ লাখ ২০ হাজার জাল টাকা, একটি ল্যাপটপ, কালার প্রিন্টার, বিপুল পরিমাণ আঠা, বিভিন্ন ধরনের রং, জাল টাকা তৈরির জন্য জমা করা কাগজ, নিরাপত্তা সুতার বান্ডেল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।